গোলাপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫, ২:৩১:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেজাউল করিম নামের ওই স্বামীকে আটক করেছে।
রেজাউল করিমের স্ত্রী সাহিদা বেগম (২৩)।
পুলিশ জানায়, শনিবার সকাল আনুমানিক ৮ টার দিকে ওই স্বামী তার স্ত্রীকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে, তার কারণ আমরা অনুসন্ধান করছি। ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। আর স্ত্রীর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




