বিচারের দাবীতে স্বজনদের সংবাদ সম্মেলন
তাহিরপুরে ১৫শ’ টাকার জন্য বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৫০:৪৪ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : তাহিরপুরে হলহলিয়া গ্রামে মো. সোনা মিয়া (৬৫) হত্যাকান্ডের ন্যায়বিচারের দাবিতে এবং প্রতিপক্ষের দায়ের করা মিথ্যা মামলা ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। গত সোমবার দুপুরে বড়দল দক্ষিণ ইউনিয়নের একতা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নিহতের ভাতিজা সামছুল হক লিখিত বক্তব্যে বলেন, গত ২২ সেপ্টেম্বর ১৫শ’ টাকা পাওনাকে কেন্দ্র করে গ্রামের প্রতিপক্ষ সুলতান মিয়া তার চাচা মো. সোনা মিয়াকে তার বাড়ি সামনে ফসলি জমিতে কাজ করার সময় দেশীয় অস্ত্র রাম দা দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করে বলেন, হত্যাকান্ডের পর থেকে খুনি পক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে এবং তাদের পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে গত ২৬ অক্টোবর আদালতে ৪২ জনের নাম উল্লে¬খসহ আরও ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করে। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। শুধু তাই নয় খুনি পক্ষ হত্যাকান্ডের পর থেকে তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।




