সিলেটে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৭:১৯:৪৬ অপরাহ্ন
সিলেটে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে রাতের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- সিলেট মহানগরের ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আহমেদ (৫২), ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. ওমর ফারুক(২৪), ৮ নং ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদ (৩৯), মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান(৪০)। আবু সুফিয়ান বাদে প্রত্যেককেই নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আর আবু সুফিয়ানকে শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, তারা প্রত্যেকেই আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সদস্য। তাদের কার্যক্রম নিষিদ্ধ হলেও তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা গুজব ছড়িয়ে নাশকতার চেষ্টা করছে। তাদের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ হলেও তারা নাশকতার চেষ্টা করে যাচ্ছে। এই অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় মামলাও রয়েছে।
শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।




