সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৫:০৫:১৭ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিলেটে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক। জেলা শহরের দেড়শো বছরের পুরোনো ঐতিহ্যবাহী স্থাপনা আলী আমজাদের ঘড়ির সামনে এ ট্রফি উন্মোচন করা হয়। বছরের শেষ টেস্ট সিরিজ মাঠে গড়ানোর আগে রোববার নগরীর প্রাণকেন্দ্র ক্বীন ব্রিজ এলাকায় এ ট্রফি উন্মোচন করা হয়।
আলী আমজাদের ঘড়ি ঘর আর সিলেটের প্রবেশদ্বার খ্যাত ক্বীন ব্রিজের সামনে ট্রফি নিয়ে ফটোসেশন করলেন নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ড্রæ বালবির্নি। সেলফি তুলে আবদার মেটালেন দর্শকদেরও।
বাংলাদেশ টুরিজম বোর্ড ও বিসিবির উদ্যোগে ঐতিহ্যবাহী এ স্থাপনার সামনে সিরিজের আগে ট্রফি উন্মোচনের এমন আয়োজন করা হয়।
১১ নভেম্বর থেকে শুরু হওয়া এ টেষ্ট সিরিজ দিয়ে ২০২৫ সালে সাদা পোশাককে বিদায় জানাবে বাংলাদেশ। তুলনামূলক খর্বশক্তির দলের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতভাবেই তৃপ্ত করবে বাংলাদেশকে।
সেই লক্ষ্য নিয়েই গতকাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা নেটে ঘাম ঝরিয়েছেন মিরাজ-মমিনুলরা।
এ সিরিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেটে শুরু হচ্ছে আশরাফুলের কোচিং অধ্যায়ের। সাবেক এ অধিনায়ক ব্যাটিং কোচ হিসাবে যুক্ত হচ্ছেন দলের সঙ্গে।
আয়ারল্যান্ডের বিপক্ষে এ সিরিজেই প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। ২০২৬ সালে টেস্টের লম্বা দৌড়ের আগে ড্রেস রিহার্সেলও এ সিরিজেই। খর্বশক্তির আইরিশদের বিপক্ষেও তাই বেশ সিরিয়াস মেজাজেই আছেন ফিল সিমন্সের শিষ্যরা।




