টেঁটাবিদ্ধ হয়ে জগন্নাথপুরের আলোচিত শামীম নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৩:২৬:২২ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও তার বাবাকে মারধরের ঘটনার আলোচিত অভিযুক্ত সেই শামীম আহমদ (৩৫) টেঁটা বিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁওয়ে ঘটনা ঘটে। শামীম গোতগাঁওয়ের মৃত আঙ্গুর মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, একই গ্রামের এবাদত মিয়ার ছেলে ইজিবাইক (টমটম) চালক রবিউল মিয়া গতকাল মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে টমটমটি নিয়ে বের হওয়ার সময় শামীম আহমদের ঘরের বেড়ার সাথে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষের হামলায় শামীম টেঁটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, নিহত শামীম আহমদ ২০২০ সালে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের পর আবার ওই তরুণীকে খুঁজতে গিয়ে না পেয়ে বাবাকে মারধরের ঘটনায় এলাকাজুড়ে আলোচিত হয়। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।



