জৈন্তাপুরে ফুটবল খেলায় আঘাত পেয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৯:২৫:০৪ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলায় দরবস্ত এলাকায় নাইট মিনিবার ফুটবল খেলার সময় একটি গাছের সাথে মুখমণ্ডলে আঘাত পেয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম ইমন আহমেদ (১৬)। উপজেলার দরবস্ত ইউনিয়নের লক্ষিপ্রসাদ (কান্দিগ্রাম) গ্রামের আনছারুল হকের পুত্র এবং স্থানীয় চতুল আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের নবম শ্রেণির পরীক্ষার্থী।
প্রতিষ্ঠানের সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে স্হানীয় মহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এ একটি দলের পক্ষে ইমন খেলায় অংশ নেয়। খেলা চলাকালীন সময়ে মাঠের পাশ্বর্বতী একটি গাছের কাটা অংশের সাথে তার মুখমণ্ডল ও মাথার আঘাত পায় । তখনও স্বাভাবিক অবস্থায় ছিলেন। খেলার বিরতি চলাকালে হঠাৎ ইমন মাটিতে লুটিয়ে পড়ে। তখন তার কান দিয়ে রক্ত বের হয়। তখন সহ পাঠিরা তাকে চতুল বাজারে একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৪ টার দিকে ইমন মারা যান।
এদিকে শুক্রবার তরুণ শিক্ষার্থী ইমনের মৃত্যুর খবরে ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার সহপাঠী, ক্রীড়ামোদী, জনপ্রতিনিধিরা সহ স্হানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানান। খবর পেয়ে নিহত তরুণ ইমনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শুক্রবার বাড়িতে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি জেনারেল ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিগণ।
শুক্রবার বাদ আসর স্হানীয় মসজিদ প্রাঙ্গনে নিহত ইমনের জানাজার নামাজ শেষ তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।




