সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৭:৩৪:৩৬ অপরাহ্ন
সিলেটে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরার চালানসহ ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তের আনুমানিক ৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কানাইঘাট পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বিজিবি টহল দল সন্দেহভাজন ধানের তুষ ভর্তি একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল প্রদান করে। উক্ত ট্রাকটি বিজিবি’র সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে কানাইঘাট-সিলেট সড়ক থেকে মালিকবিহীন অবস্থায় ট্রাকটি আটক করে। পরে সেখানে তল্লাশী করে ধানের তুষের বস্তার নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরার বস্তা পাওয়া যায়। সেখান থেকে ৫ হাজার ৩৬৫ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরা ও ট্রাকের বাজারমূল্য ১ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা।
এছাড়াও বুধবার পৃথক অভিযানে ৩ হাজার ৬০ কেজি ভারতীয় পেঁয়াজ, ১২০ কেজি জিরা, ২ টি গরু, ২ টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও ২ টি পিকআপ আটক করে জব্দ করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
আটককৃত সবগুলো মালামালের মোট বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ ২ হাজার ২০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, উপরোক্ত অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




