পীরেরবাজারে বিএনপি নেতা খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৭:৪৩:১৪ অপরাহ্ন
সিলেটে তর্কবিতর্কের জেরে ইটের আঘাতে আব্দুর রহমান (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সিলেটের শাহপরান (র.) থানার পীরেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুর রহমান (৬৫) সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় শাহ সুন্দর মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সড়কের পাশে প্রস্রাব করছিলেন স্থানীয় যুবক সুমন আহমদ। এতে আব্দুর রহমান আপত্তি জানালে দু’জনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে আব্দুর রহমানের ছেলে সুমনকে মারধর করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এর জেরে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন। পরে দু’জনকেই আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যান। আর এর ফাঁকে হঠাৎ করে হাসপাতাল থেকে পালিয়ে যান সুমন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তর্কবিতর্কের জেরে তাদের মধ্যে এই ঝামেলা হয়। নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে জানাজা শেষে তারা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।




