নবীগঞ্জে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ১০:৫৬:৩৯ অপরাহ্ন
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বানিপাতা গ্রামে সুপারি পাড়তে গিয়ে পরিদ্র সরকার (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মৃত উপিন্দ্র সরকারের ছেলে এবং চার সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পরিদ্র সরকার নিজ বাড়ির একটি সুপারি গাছে ওঠেন। এসময় অসাবধানতাবশত উপরের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত নিচে নামিয়ে উদ্ধার করেন।
পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন এবং বিষয়টি পুলিশকে অবগত করা হয়।
রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ বাড়িতেই রাখা আছে, পুলিশি প্রক্রিয়া চলমান রয়েছে।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।




