জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে এনডিএফ’র ২ দিনব্যাপী চিকিৎসক কর্মশালা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ২:৩৬:১৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : বেসরকারি মেডিকেল শিক্ষায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে দুই দিনব্যাপী রিসার্চ মেথডলজি এন্ড রিপোর্ট রাইটিং কর্মশালার সমাপ্তি হয়েছে। গত বুধবার এবং গতকাল বৃহস্পতিবার কলেজের এক্সাম হলে এই প্রশিক্ষণ কর্র্মশালা অনুষ্ঠিত হয়।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদের সভাপতিত্বে সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ ফজলুর রহীম কায়সার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম.দাউদ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ও এনডিএফসিওমেক শাখার সভাপতি ডাঃ খালেদ মাহমুদ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক সায়েক আজীজ চৌধুরী।
কর্মশালায় বক্তারা চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এ রকম একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ আয়োজনের জন্য এনডিএফের ভূয়সী প্রশংসা করেন। প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা চিকিৎসাসেবায় প্রয়োগের মাধ্যমে উপস্থিত চিকিৎসকরা নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারলেই এই ওয়ার্কশপ সফল হবে বলে বক্তারা মন্তব্য করেন।
এনডিএফ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ মোহাম্মদ ফজলুল হক সোহেলের পরিচালনায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ডাঃ মাহবুবে এলাহী। স্বাগত বক্তব্য রাখেন এনডিএফের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ জাহিদ হোসাইন।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম, এনডিএফ সিলেটের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কর্মশালায় সিলেটের বিভিন্ন স্তরের দেড় শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ মোজাম্মেল হক।
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রউফ মুন্না, লিগ্যাল অ্যাফেয়ার সম্পাদক ডাঃ তাওহীদ চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তানভীর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ সৈয়দ তানযীম উল হক। কার্যকরী সদস্য মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জেড এইচ এম নাজমুল আলম, ডাঃ কাজী মাইনুল ইসলাম। এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোডাক্ট ম্যানেজার ঋষভ দাস,সিনিয়র এরিয়া ম্যানেজার লক্ষণ চন্দ্র রায়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কর্মশালায় অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্যে সার্টিফিকেট তুলে দেন। এনডিএফ, সিলেটের পক্ষ থেকে অধ্যাপক ডাঃ মোঃ মোজাম্মেল হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।




