বালাগঞ্জে পিকআপের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ১১:২৯:২১ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে পিকআপের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম প্রদীপ দাস (৫০)। তিনি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বড়চর ইলাসপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইলাসপুর বাজারের ব্যবসায়ী।
বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় নূরপুর-ইসলামপুর সড়কে প্রদীপ দাসকে পিছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তাজপুরস্থ প্যারাডাইস হাসপাতাল এবং পরে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আজ শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
নিহতের ছোটভাই বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অমল দাস আপন জানান, আমার বড়ভাই প্রদীপ দাস সকালে স্থানীয় ক্ষেতের ধান দেখতে গিয়েছিলেন। এ সময় একটি পিকআপ তাকে পিছন থেকে ধাক্কা দেয়ার ফলে তার মৃত্যু হয়।




