নবীগঞ্জে দিনদুপুরে হাঁস চুরি করতে গিয়ে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ১০:০৩:৫০ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার পশ্চিম তিমিরপুর গ্রামে ছানু মিয়া নামে এক কৃষকের বাড়ি থেকে ৬টি চীনা হাঁস চুরি করতে গিয়ে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে স্থানীয় জনতা আটক করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। চোরেরা পালানোর সময় বেপরোয়া গতির একটি টমটম দিয়ে কৃষক ছানু মিয়াকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আটককৃতরা হলেন- রোহান মিয়া (১৭), নাইম মিয়া (১৯), এবাদুর রহমান (২০), ইউনুছ মিয়া (১৬) এবং সোহাগ মিয়া (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ সদস্যের কিশোর গ্যাংটি টমটমযোগে এসে ছানু মিয়ার বাড়ি থেকে হাঁস চুরি করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে টমটমটি ছানু মিয়ার ওপর উঠিয়ে দেয়। প্রায় ২০ হাত দূরত্ব পর্যন্ত তাকে টেনে নিয়ে যাওয়ায় তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে তার ভাই লুৎফর রহমান ও স্থানীয়রা ছুটে এসে ছানু মিয়াকে উদ্ধার করেন এবং কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেন।
ঘটনার খবর পেয়ে শত শত মানুষ ভীড় করেন। এসময় সাংবাদিকদের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই একটি প্রভাবশালী চক্র আটক ব্যক্তিদের রহস্যজনকভাবে ছাড়িয়ে নেয়।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




