ফেসবুকে প্রেম, ‘বাড়ি থেকে পালিয়ে’ কোম্পানীগঞ্জে আসা দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০৭:২৫ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিরাজগঞ্জ ও খুলনা থেকে ফেসবুকের মাধ্যমে ‘প্রেমের সম্পর্কে জড়ানো’ সিলেটের কোম্পানীগঞ্জে আসা দুই কিশোরীকে পরিবারের জিম্মায় দিয়েছে সিলেট পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় তাদেরকে পরিবারের জিম্মায় দেওয়া হয় বলে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দুই কিশোরীকে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, শুক্রবার ওই দুই কিশোরী কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকার একটি রিসোর্টে অবস্থান করে। শনিবার এক সঙ্গে বসবাসের জন্য তারা থানার পাশের একটি বাসা ভাড়া নিতে যান। তখন স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ তাদের হেফাজতে নিয়ে পারিবারকে খবর দেয়।
কোম্পানীগঞ্জের ওসি রতন শেখ বলেন, কিশোরীদের একজন কলেজে পড়ে অপরজন স্কুলে। তারা প্রথমে ঢাকায় দেখা করেন। পরে সিলেটে আসেন। স্কুলছাত্রীর কাছে লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।




