টাঙ্গুয়া ও হাকালুকি হাওর সুরক্ষা বিষয়ক কর্মশালা
হাওরাঞ্চল দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:১৭:৫৮ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিলেট সার্কিট হাউসে গতকাল রোববার “টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন” শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও যুগ্মসচিব ড. মোহাম্মদ মাহে আলম।
সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
কর্মশালায় বক্তারা বলেন, টাঙ্গুয়া ও হাকালুকি হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি। জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক মাছের উৎপাদন, পরিযায়ী পাখির আবাসস্থল রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় এ দুটি হাওরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, হাওরাঞ্চল দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রেখে আসছে।
বক্তারা আরও বলেন, অবৈধ মাছ আহরণ, পাখি নিধন, জলাশয় ভরাট, দখল, দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার হাওরের স্বাভাবিক প্রতিবেশকে হুমকির মুখে ফেলছে। এসব অনিয়ম রোধে সুরক্ষা আদেশ বাস্তবায়ন এখন সময়ের দাবি বলে মত দেন তারা। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবিদ, গণমাধ্যমকর্মী ও হাওর সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন।
অংশগ্রহণকারীরা বলেন, সমন্বিত উদ্যোগ গ্রহণ, নিয়মিত তদারকি এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে হাওর সুরক্ষা আদেশ কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব।




