কোম্পানীগঞ্জে বালু-পাথর চুরির দায়ে ৮ জনকে জেল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ২:২৬:৩১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদী ও শাহ আরেফিন টিলা থেকে অবৈধ বালুপাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ৮জনকে আটক করা হয়েছে। পরে তাদের ৭ জনকে ৩ মাস ও ১জনকে ২ মাসের সাজা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার ভোর থেকে বিকাল পর্যন্ত চলে এ অভিযান।
৩ মাসের সাজাপ্রাপ্তরা হলেন- তাজুল ইসলাম, জামাল হোসেন, জিয়া, সাচ্চু মিয়া, ইউসুফ, আমিন, মো: মানিক। শাহ আরেফিন টিলায় অভিযানে জাকির হোসেনকে ২ মাসের জেল দেওয়া হয়েছে।
জানা যায়, ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান সহ সঙ্গীয় ফোর্স।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, বালু পাথর চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কঠোর নির্দেশনা রয়েছে। এ অনুযায়ী অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের কোর্টের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, বালুপাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে তাদেরকে আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।




