সিলেটে অবৈধ ভারতীয় পিঁয়াজ জিরা ও ফুচকাসহ আটক ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ২:৩১:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:সিলেটে অবৈধ ভারতীয় পিঁয়াজ, জিরা ও ফুচকাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেটের কোতোয়ালী থানার ছড়ারপাড়ের মৃত ছয়ফুল ইসলামের ছেলে আফনান আহমেদ (১৯), শফিক আলীর ছেলে আশরাফুজ্জামান (২২), নবাব রোডের মৃত হাজী আব্দুল গাফফারের ছেলে আব্দুল হক (৪৬), মজুমদার পাড়ার আব্দুল ছবুরের ছেলে মো. নূরুল বারী বাবলু (৩৩), শাহপরাণ (র.) থানার খুনিরচকের (পরগনা) মৃত আফতাব মিয়ার ছেলে সিজিল মিয়া (৩৭)।
পুলিশ জানায়, গত রোববার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কুয়ারপাড় হযরত ইঙ্গুলার শাহ (রহ.) মাজারের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করাকালে একটি ডিআই পিকআপ থেকে ১ হাজার ৪৪০ কেজি ভারতীয় পিঁয়াজ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮ হাজার টাকা। এসময় আফনান ও আশরাফুজ্জামানকে আটক করা হয়।
পরবর্তীতে, আটককৃত দুই জনের দেওয়া তথ্যের ভিত্তিতে এদিন সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানাধীন নবাব রোডস্থ হাজী আব্দুল গাফফার ভিলার গ্যারেজ ও পিছনের কক্ষে অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় মালামালসহ ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬৫ বস্তা ভারতীয় জিরা যার আনুমানিক মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। ছেঁড়া ১ বস্তা জিরা ১৫ কেজি ; যার মূল্য ১২ হাজার টাকা এবং ৯০০ প্যাকেট ভারতীয় ফুচকা যার মূল্য ১ লাখ ৬২ হাজার টাকা।
মোট জব্দকৃত মালামালের মূল্য ১৮ লাখ ৪২ হাজার টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়ার পলাতক অজ্ঞাতনামা আসামী রয়েছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।




