সিলেটের তিন জেলার ১৬ উপজেলার চা বাগান এলাকায় মৎস্য চাষের পরিকল্পনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ২:৩৫:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের ১৬ উপজেলার চা বাগান এলাকায় মৎস্য চাষের পরিকল্পনা নিয়েছে সরকার। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের চা বাগানে এ প্রকল্প বাস্তবায়িত হবে।
মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাহেদ আলী গতকাল সোমবার সিলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানিয়েছেন। এ লক্ষে ‘চা বাগান ও পার্শ্ববর্তী এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টিমান উন্নয়নে মৎস্য চাষ প্রকল্প’ গ্রহণে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় জানানো হয়, প্রকল্পটি প্রাক প্রাথমিক পর্যায়ে রয়েছে। অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে এবং টিবোর্ডের মতামত নিয়ে প্রকল্পটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তীতে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই এই প্রকল্প চূড়ান্ত রূপ নেবে বলেও জানান সংশ্লিষ্টরা।
সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও বিভাগীয় মৎস্য পরিচালক মো. আসাদুল বাকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা শাখা) সরকার মুহাম্মদ রফিকুল আলম, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম, উপ পরিচালক সর্দার মহিউদ্দিন, উপ পরিচালক ড. ইফতেখার আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক সুনীল মন্ডল।
দক্ষিণ সুরমা উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক ও জুড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় চা বাগান এলাকায় মাছ চাষে সম্ভাবনা শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম। সভায় আলোচনায় অংশ নেন-সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, কুলাউড়া চা বাগান ব্যবস্থাপক শামীম আহমদ চৌধুরী, সাংবাদিক আনাস হাবিব কলিন্স, নয়াপাড়া চা বাগানের ইউপি সদস্য দুলাল ঘোষ, খাদিমনগর ইউপি সদস্য আতাউর রহমান শামীম, চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নিপেন পাল, প্রভা রানী বাড়ৈ প্রমুখ।
সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস জানিয়েছেন, চা বাগান এলাকায় মৎস্য চাষ প্রকল্প চার বছর মেয়াদী। এটি বাস্তবায়িত হলে চা বাগান এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সভায় সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাগণ উপন্থিত ছিলেন।




