‘বিজয়ের কবিতা পাঠ’ অনুষ্ঠান সম্পন্ন
সিলেট লেখিকা সংঘ নারী জাগরণে ভূমিকা রাখছে ঃ দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ১:১৭:৩৬ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ উপমহাদেশের প্রখ্যাত দানবীর, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. রাগীব আলী বলেছেন, সাহিত্যের জন্য সিলেট একটি উর্বর ভূমি। সিলেট থেকেই অসংখ্য জ্ঞানী-গুণী মানুষ তৈরি হয়েছেন। যারা দেশ-বিদেশে সুনাম অর্জন করেছেন। তবে, সিলেটের নারীরা অনেক ক্ষেত্রে এগিয়ে আছেন। সিলেট লেখিকা সংঘ সেই পশ্চাৎপদতা কাটিয়ে উঠতে চেষ্টা করেছে। শুধু তাই নয়, সিলেট লেখিকা সংঘ সিলেটে নারী জাগরণে ভূমিকা রাখছে।
১৯তম কেমুসাস বইমেলায় সিলেট লেখিকা সংঘ-এর উদ্যোগে ‘বিজয়ের কবিতা পাঠ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শনিবার সন্ধ্যায় দরগাহ গেইটস্থ কেমুসাস বইমেলা মঞ্চে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশান আরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.), বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মাহমুদা কব্রি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি মুহিত চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলম, কবি ও গীতিকার আনোয়ার হোসেন মিছবাহ্।
অনুষ্ঠানে বিজয়ের কবিতা পাঠ করেন রাহনামা শাব্বির চৌধুরী, নিলুপা ইসলাম নীলু, শান্তা কামালী, আয়েশা মুন্নী, মাহিমা চৌধুরী, জাহিদা চৌধুরী, এনএ আশালতা, জুঁই ইসলাম, সেলিনা আক্তার, নূরজাহান আক্তার লাকী, কাউছার আরা বেগম, নিশাত ফাতেমা, নাজমুন নাহার হীরা, রেণুফা রাখী প্রমুখ।
গান পরিবেশন করেন শিশুসাহিত্যিক জসীম আল ফাহিম, গীতিকার বাহাউদ্দিন বাহার, সেলিনা বেগম, সুইটি আক্তার রুনা, সালমা আলী খান। অনুষ্ঠানে সিলেট লেখিকা সংঘের পক্ষ থেকে সিলেট ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা প্রধান অতিথি ড. রাগীব আলীকে ফুলের তোড়া প্রদান করেন।




