মধ্যরাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিলেট-জকিগঞ্জ সড়কে ঝরল ২ প্রাণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৯:১২:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়ন এলাকার তেরমাইল নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান অপরজন।
এ ঘটনায় আহত আরো দুই মোটরসাইকেল আরোহী বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) ও গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রানাপিং এলাকার লাল মিয়া ছেলে ছাব্বির (২১)।
আহত দুজন হলেন জুড়ি উপজেলার বাচিরপুর এলাকার আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (৩৫) ও গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল হক জয় (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই আনন্দ চন্দ্র।
তিনি বলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের তেরমাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় দুই জন নিহত ও ২ জন আহত হয়েছেন।




