১৯ বছর পর বাবার কবর জিয়ারত শেষে স্মৃতিসৌধে গেলেন তারেক রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ২:২১:৪৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফেরার পরদিন গতকাল শুক্রবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯ বছরেরও অধিক সময় পর বাবার কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদনের এই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর তিনি এই সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন।
গতকাল বিকেল পৌনে ৫টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জিয়ারত সম্পন্ন করেন তিনি। লাল-সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন কিন্তু নেতা-কর্মী, সমর্থক ও উল্লসিত জনস্রোত ঠেলে রাত ১০টার দিকে স্মৃতিসৌধে পৌঁছান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১০টা ৩৭ মিনিটে বাসে বসেই স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
এদিকে, বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, মহান জাতীয় স্মৃতিসৌধের বেদীতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেযারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষার্থে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপকসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়।
গতকাল শুক্রবার বিকেল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় লাখো নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তাকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে শুরু করে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত ছিল জনারণ্য।
হাতে ব্যানার, ফেস্টুন আর জাতীয় ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। ‘তারেক রহমান বীরের বেশে, ফিরলেন এবার বাংলাদেশে’ এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। নেতাকর্মীদের এই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ও স্বেচ্ছাসেবকদের।
জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জানান, দুপুরের পর থেকেই সাভার, ধামরাই ও আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা এসে জমায়েত হতে শুরু করেন।
এর আগে গতকাল শুক্রবার বাদ জুমা দুপুর ২টা ৫৩ মিনিটে গুলশানের বাসভবন থেকে সবার আগে বাংলাদেশ স্লোগান সংবলিত লাল-সবুজ বাসে চড়ে তিনি রওনা দেন। তার এই যাত্রাপথে রাস্তার দু’পাশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ দাঁড়িয়ে তাকে হাত নেড়ে অভিবাদন জানান। বিপুল জনসমাগমের কারণে তাকে বহনকারী বাসটি অত্যন্ত ধীরগতিতে এগোতে থাকে।
বিকেল সাড়ে ৪টার দিকে তিনি জিয়া উদ্যানে পৌঁছালে নেতাকর্মীরা তাকে ঘিরে উল্লাস প্রকাশ করেন। সমাধিস্থলে উপস্থিত হয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং মরহুম পিতার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।




