মৌলভীবাজারের ৪ আসনে মনোনয়ন জমা দিলেন ২৯ প্রার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:১১:৪০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এর আগে জেলার ওই ৪টি নির্বাচনী আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ছয়জন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আটজন, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে সাতজন এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে আটজন প্রার্থী রয়েছেন।
মৌলভীবাজার-১ আসনের প্রার্থীরা হলেন— বিএনপি নাসির উদ্দিন আহমেদ মিঠু, জামায়াতে ইসলামীর মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিস ও ১০ দলীয় জোটের মৌলভী লুকমান আহমদ, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ ও মো. শরিফুল ইসলাম।
মৌলভীবাজার-২ আসনের প্রার্থীরা হলেন— বিএনপির শওকতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর ইঞ্জিনিয়ার সাহেদ আলী, ১০ দলীয় জোটের ইসলামী আন্দোলনের আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, জাতীয় পার্টির মো. আব্দুল মালিক এবং স্বতন্ত্র নওয়াব আলী আব্বাছ খাঁন, এম জিমিউর রহমান চৌধুরী ও মো. ফজলুল হক খান।
মৌলভীবাজার-৩ আসনের প্রার্থীরা হলেন— বিএনপির এম নাসের রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত, বাংলাদেশ খেলাফত মজলিসের আহমদ বিলাল এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস ও স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের।
মৌলভীবাজার-৪ আসনে প্রার্থীরা হলেন— বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াত ইসলামীর অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে শেখ নূরে আলম হামিদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রীতম দাশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের অ্যাডভোকেট আবুল হাসান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু, বিএনপি নেতা লন্ডন প্রবাসী জালাল আহমেদ জিপু ও বিএনপির মনোনীত প্রার্থীর ছেলে মুঈদ আশিক চিশতী।




