দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনীতে সৈয়দা রিজওয়ানা হাসান
আগামী নির্বাচনে পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:১৮:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী নির্বাচনে পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। পরাজিত শক্তি এখনো সক্রিয়। তবে, তাদের শক্তি অভ্যুত্থানকারী শক্তির চেয়ে অনেক কম।
তিনি গতকাল শনিবার সকালে সিলেট প্রেসক্লাবে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দু’দিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন-তথ্য সচিব মাহবুবা ফারজানা, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান ১২ ফেব্রুয়ারি গণভোট ও ভোটে দেশের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিলেট প্রেসক্লাবকে প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, এই ক্লাবের সদস্যরা পেশাদার সাংবাদিক। এ ক্লাবের সাংবাদিকরা নিরেপক্ষ ও বস্তুনিস্ট সাংবাদিকতা করে আসছেন। আগামী নির্বাচন ও গণভোটে জনগণকে উদ্বুদ্ধ করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।
উপদেষ্টা আরও বলেন, পরিবার, সমাজ ও দেশের দায়িত্বের ভার নেওয়ার এখন সময়। তরুণ প্রজন্ম নির্ভীক চিত্তে প্রাণ বিসর্জন দিয়ে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বুঝে শুনে প্রার্থী নির্বাচন করবেন যাতে আগামী পাঁচ বছর আর পস্তাতে না হয়। একই সময় গণভোটে অংশ নেবার আহ্বান জানান তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, ‘আমরা যে ভোটের আয়োজনটা করছি, মনে রাখতে হবে, প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর এটি অনুষ্ঠিত হচ্ছে। একটা স্বৈরাচারী শাসনব্যবস্থা যখন থাকে, তখন সব ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে। মনস্তত্ত্বও সে রকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি-একটা গণঅভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে।’
তিনি বলেন, বিভিন্নভাবে আতঙ্ক তৈরি করছে পরাজিত শক্তি। গণঅভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা সম্ভব হয়েছে, তাই বাকি চ্যালেঞ্জগুলোও সরকার সফলভাবে মোকাবিলা করতে পারবে। এর জন্য শুরু থেকেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম হাতে নিয়েছে।
নির্বাচনকালীন পরিবেশ নিয়ে উপদেষ্টা বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশাবাদী, তা উতরে যাওয়া যাবে। সে জন্য প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে। সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট ও সঠিক প্রার্থী নির্বাচন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
রিজওয়ানা হাসান বলেন, সরকার সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। একই সঙ্গে গণভোট ও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তথ্যসচিব মাহবুবা ফারজানা বলেন, মানুষ নির্ভয়ে জেনে-বুঝে ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে, আমাদের সেই প্রচেষ্টা থাকবে। নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হোক, এটাই আমাদের প্রত্যাশা। সরকার ও গণমাধ্যম একসঙ্গে মিলে ভোটের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো মোকাবেলায় জনমত গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ উল আলম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিলসহ তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পিআইবির কর্মকর্তা এবং সিলেট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সমন্বয়ের দায়িত্বে ছিলেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক মো. শাহ আলম। দুই দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ দেবেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ।
কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান। এতে সিলেটের ৫০ জন সাংবাদিক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দা রিজওয়ানা হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান-সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর, সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সহসভাপতি মো. ফয়ছল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আউয়াল চৌধুরী শিপার।




