ওসমানীনগরে পাইপগানসহ ৫ জন আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৩৮:৩১ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ওসমানীনগরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ওয়াকিটকিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামসহ ৫ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিমগাঁও আফিকুর রহমানের বাড়িতে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো, উপজেলার সিকন্দরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মুজিবুর রহমান (৩২), ভাড়েরা গ্রামের ফারুক আহমদের ছেলে নাঈমুর রহমান (২৪), উমরপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ফখরুল আবেদীন (২০), জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের ইউসুফ উল্লার পুত্র গয়াস উদ্দিন (৪১), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রিপাতপুর গ্রামের গেদা মিয়ার পুত্র মো: আবু মিয়া (৪০)।
অভিযানকালে সিকন্দরপুর পশ্চিমগাঁও আফিকুর রহমানের বাড়ীর গোয়ালঘরের খড়ের গাদার নিচ থেকে দুটি পাইপগান ও আটককৃতদের কাছ থেকে ১০ রাউন্ড কার্তুজ এবং দুইটি ওয়াকিটকিসহ অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা নম্বর ০৪। পরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
ওসমানীনগর থানার ওসি মুর্শেদুল আলম ভূইয়া অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।



