চলবে ২১ জানুয়ারি পর্যন্ত ॥ নেতৃত্বে ২৫ জন বিদেশি চিকিৎসক
সিলেটে ঠোঁট কাটা, তালুকাটা, আগুনে পোড়া রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৪:১৬:৫৩ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিলেটে শতাধিক ঠোঁট কাটা, তালুকাটা এবং আগুনে পোড়া রোগিকে বিনামূল্যে আধুনিক প্লাস্টিক সার্জারির কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে ১১৩ জন এ কার্যক্রমের জন্য রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনকৃত রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। তাদের মধ্যে থেকে যাদের সার্জারি জরুরি তাদের আগে অপারেশন করা হবে এবং পর্যায়ক্রমে সকলের অপারেশন সম্পন্ন হবে। আমেরিকা, হল্যান্ড ও মিশরের ২৫ জন সার্জন রোগীদের প্লাস্টিক সার্জারি করবেন।
রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে ও মার্কিন বহুজাতিক কোম্পানী শেভরন-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এ প্রকল্প। এবারের কার্যক্রমের শিরোনাম দেয়া হয়েছে-‘৯ম রোটাপ্লাস্ট মিশন টু সিলেট, বাংলাদেশ’।
রোটাপ্লাস্ট প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার সোয়েব আহমদ মতিন, রোটারি ক্লাব অব জালালাবাদের সামগ্রিক ব্যবস্থাপনায় এবং যুক্তরাষ্ট্রের রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের মাধ্যমে সিলেট অঞ্চলের ঠোঁটকাটা, তালুকাটা এবং আগুনে পোড়া রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারি চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে আসছে। এই উদ্যোগের আওতায় ইতোমধ্যে আটটি অপারেশন কার্যক্রম সিলেটে সম্পন্ন হয়েছে। এতে ৬৮৭ জনের অধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
রোটারি ক্লাব অব জালালাবাদের পিডিজি প্রিন্সিপাল আতাউর রহমান পীর বলেন, এবার নিয়ে আমরা সিলেটে নবম বারের মতো রোটাপ্লাস্ট মিশন করছি। এর আগে প্রায় ৭শ’ রোগীকে বিনামূল্যে অপারেশন ও চিকিৎসাসেবা দিয়ে আমরা তাদের মুখে হাসি ফুটিয়েছি।
রোটারি ক্লাব অব জালালাবাদের সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান বলেন, এ ধরণের চিকিৎসা খুবই ব্যয়বহুল। এই ব্যয়বহুল চিকিৎসা সেবা সিলেট অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে এনে দিয়েছেন রোটারিয়ানরা। এ কার্যক্রমে ২৫ জন বিদেশী সার্জন সম্পৃক্ত রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠান
এদিকে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন হয় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে। রোটাপ্লাস্ট প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার সোয়েব আহমদ মতিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন রোটারি ক্লাব অব জালালাবাদের পিডিজি প্রিন্সিপাল আতাউর রহমান পীর, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী জুয়েল, রোটাপ্লাস্ট মিশনের মেডিকেল ডিরেক্টর টড ফার্নওয়ার্থ, মিশন ডিরেক্টর টেড এলেক্স, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর মেজর জেনারেল (অব.) ডা. সৈয়দ ইফতেকার উদ্দিন, শেভরন বাংলাদেশের সোশ্যাল ইনভেস্টমেন্ট ম্যানেজার একেএম আরিফ আকতার, শেভরনের গ্যাস প্ল্যন্ট সুপারিনটেনডেন্ট আবু হেনা মোহাম্মদ হাসানুজ্জামান, রোটারি ক্লাব অব জালালাবাদের সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়েছ আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. তাফহিম আহমেদ রিফাত, সহকারী পরিচালক আবু তারেক রাসেল, জালালাবাদ ক্লাবের পিপি রোটারিয়ান হানিফ মোহাম্মদ, পিপি মো. মঞ্জুর আল বাছেত, রোটারিয়ান হাবিব আল নূর, রোটারিয়ান আক্তার আহমেদ, রোটারিয়ান পিপি মালিক হুমায়ুন, রোটারিয়ান পিপি আলী আশরাফ চৌধুরী খালেদ, রোটারিয়ান মাছুমা চৌধুরী, রোটারিয়ান রীনা রানী কর্মকার, রোটারিয়ান নিতীশ সূত্রধর, রোটারিয়ান রুনা খান।




