শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ রাতে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৪:৩০:৫২ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ বুধবার (২১ জানুয়ারি) রাতে প্রকাশ করা হবে।
ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমেদ কবির। তিনি জানান, আজ সন্ধ্যায় ভর্তি কমিটির সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ফল একসঙ্গে প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের বিস্তারিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ৯৮ শতাংশ এবং সিলেটে ৭৬ দশমিক ৫৪ শতাংশ। এতে ‘এ’ ইউনিটে গড় উপস্থিতির হার দাঁড়ায় ৮১ দশমিক ৮১ শতাংশ। এ ইউনিটে ৯৮৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৫২ হাজার ৮২৩ জন শিক্ষার্থী।
অন্যদিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ছিল ৭৯ দশমিক ৭৮ শতাংশ এবং সিলেটে ৮৫ দশমিক ২৭ শতাংশ। সে হিসাবে ‘বি’ ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৮১ দশমিক ৮৭ শতাংশ। এ ইউনিটে ৫৮১টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১৮ হাজার ২৫২ জন শিক্ষার্থী।




