বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক দল, আমরা পেছনে ফিরে তাকাই না : মির্জা ফখরুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৩:১৩:৪৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিএনপি সবসময় যে কথাটা বলি, আমরা উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা পেছনে ফিরে তাকাই না, আমরা সামনের দিকে যাই। আজকে একটা দল, রাজনৈতিক দল বিভিন্নভাবে কুৎসা রটনা করছে, বিভিন্নভাবে মিথ্যা কথা বলছে, আমাদের নেতাদের বিরুদ্ধে এমনকি আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা রটনা করছে। এই দলটাকে আপনারা চেনেন? কোন দল? এই দলটা কি ভোট পাবে? বাংলাদেশে এদর জায়গা আছে বন্ধুগণ? তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, এরা পাকিস্তানে যায় নি বন্ধুগণ। আজকে নতুন করে এরা বলতে শুরু করেছে এরা নাকি আজকে বাংলাদেশকে তৈরি করবে নতুন করে। আমাদেরকে সাবধান থাকতে হবে। এই সমস্ত দল, ব্যক্তির হাত থেকে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায় আজকে লড়াই এদের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে জয়লাভ করতে হবে। তারেক রহমান সাহেব আজকে যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, এই সিলেট হচ্ছে সেই সিলেট, যেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর জন্ম হয়েছে। এই সিলেট হচ্ছে সেই সিলেট, যেখানে আপনাদের উন্নয়নের নেতা সাইফুর রহমানের জন্ম হয়েছে। এই সিলেট হচ্ছে সেই সিলেট, যে অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছিলেন সেই এম ইলিয়াস আলীর সিলেট।




