জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের মতবিনিময়
নির্বাচিত হলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের উন্নয়ন করব : কয়ছর এম আহমেদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৯:৩৬:০৬ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমদের সাথে মতবিনিময় করেছেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরে ট্রাস্টের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, এই ট্রাস্ট জগন্নাথপুরের শিক্ষার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে।
এডুকেশন ট্রাস্টের একজন সদস্য হিসেবে আমি নিজেও শিক্ষার জন্য কাজ করছি।
এ ট্রাস্ট দলমতের উর্ধ্বে থেকে এলাকার শিক্ষা ও উন্নয়নে কাজ করছে। ট্রাস্টের দুই শতাধিক ট্রাস্টি রয়েছেন। সকল ট্রাস্টি একেক জন কয়ছর হয়ে কাজ করলে ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত। অনেকেই জগন্নাথপুর -শান্তিগঞ্জকে অবহেলিত বলে বক্তব্য দেন। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ অবহেলিত থাকবেনা। নির্বাচিত হলে জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন করব। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করলে এই এলাকা আর অবহেলিত থাকবে না। ধানের শীষকে বিজয়ী করলে সকলক্ষেত্রে আমরা এগিয়ে যাব। এডুকেশন ট্রাস্টের উন্নয়নে তিনি বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ফাউন্ডার সেক্রেটারি ও ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মহিব চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক সেক্রেটারি মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় এতে বক্তব্য দেন, জগন্নাথপুর – ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি যথাক্রমে কলকলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, সাবেক সহ-সভাপতি এম এ কাদির, টাওয়ার হ্যামলেটসর প্রথম বাংলাদেশি মেয়র গোলাম মর্তুজা, মোবারক আলী, মিছবাহুজ্জামান সোহেল, সুজাতুর রেজা, মিজানুর রহমান, ছমির আলী, বকুল আব্দুস সবুর, আওলাদ হোসেন, জয়নাল কোরেশী ও জালাল উদ্দিন।
এ সময় সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, ট্রাস্টের ট্রাস্টি মুজিবুর রহমান মুজিব, সৈয়দ ফখরুল ইসলামসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের প্রধান প্রশিক্ষক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ।




