চব্বিশের গণঅভ্যুত্থান প্রামাণ্য গ্রন্থ সিলেট পর্বের প্রকাশনা অনুষ্ঠিত
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্বপ্নকে বাঁচিয়ে রাখার তাগিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯:৪৬ অপরাহ্ন
ডাক ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে সিলেটের ছাত্র-জনতার ভূমিকা নিয়ে প্রামাণ্য গ্রন্থ ‘চব্বিশের গণঅভ্যুত্থান (সিলেট পর্ব : জুলাই-আগস্ট ২০২৪)’ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১ টায় হরপ্পা পাবলিকেশন্স লন্ডন-ঢাকা এর উদ্যোগে সিলেট প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হরপ্পা পাবলিকেশন্সের পরিচালক ও সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন, চব্বিশের গণঅভ্যুত্থান (সিলেট পর্ব : জুলাই-আগস্ট ২০২৪)-এর সম্পাদক নজরুল ইসলাম বাসন, শিক্ষাবিদ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, সাপ্তাহিক বাংলা সংবাদের নির্বাহী সম্পাদক আবুল কাসেম, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শেখ ফারুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম ছোটন, শামীম আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেয়ালে দেয়ালে যে গ্রাফিতিগুলো ছড়িয়ে পড়েছিলো সেখানে নতুন প্রজন্মের স্বপ্ন-আকাক্সক্ষা ফুটে ওঠেছিলো। সিলেটের সাংবাদিক শহীদ এটিএম তুরাবসহ যারা আত্মদান করেছেন তাদের নতুন বাংলাদেশের স্বপ্ন আকাঁ ছিলো গ্রাফিতির কালিতে।
তারা এটিএম তুরাবের স্বপ্নকে বাঁচিয়ে রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়তে এগুলো সংরক্ষণ করা জরুরি। চব্বিশের গণভ্যুত্থান প্রামাণ্য গ্রন্থটি এই দাবিরই ফসল। তারা তুবার হত্যা মামলার সকল আসামী এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।




