ধর্মপাশায় হেরোইন বেচাকেনার সময় পুলিশ আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১:১২:২৭ অপরাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সেতুসংলগ্ন এলাকায় ইয়াবা ও হেরোইন বেচাকেনার সময় পুলিশ সদস্যসহ ২ জনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গতকাল শনিবার সকালে দু’জনকেই আদালতে পাঠানো হয়েছে।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ শহীদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হচ্ছেন, শেরপুরের নকলা উপজেলার নকলা দক্ষিণ গ্রামের বাসিন্দা ও মধ্যনগর থানা পুলিশের কনস্টেবল সম্রাট আলী (৩০) ও মধ্যনগর উপজেলার চামরদানী গ্রামের বাসিন্দা সুমন চন্দ্র (৩১)।
এর আগে গত শুক্রবার সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সেতুসংলগ্ন এলাকা থেকে সম্রাট ও সুমনকে আটক করে ধর্মপাশা থানা-পুলিশ এবং ধর্মপাশা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে হেরোইন ও ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সুনই সেতুসংলগ্ন এলাকায় ইয়াবা ও হেরোইন বেচাকেনার সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়। টের পেয়ে মাদক কারবারিরা সড়কের ওপর ইয়াবা ও হেরোইন ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ঘটনাস্থল থেকে সম্রাট আলী ও সুমনকে আটক করা হয়। এ সময় সড়কের ওপর থেকে নীল কাগজে মোড়ানো ১৯টি ইয়াবা এবং পলিব্যাগে মোড়ানো এক গ্রাম হেরোইনসহ দুটি মোটর সাইকেল. নগদ টাকা ও মুঠোফোন জব্দ করা হয়।
ঘটনার দিন বেলা দেড়টার দিকে সম্রাট ও সুমনকে ধর্মপাশা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল রাতে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বাদী হয়ে ওই দু’জনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় একটি মামলা করেন।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. ইমাম হোসেন জানান, ওই মামলায় পলাতক অন্য তিনজনকে আটকের জন্য চেষ্টা চলছে।




