সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শনে এমিরেটস স্কাইকার্গো প্রতিনিধি দল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৫:৪৮ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমিরেটস স্কাইকার্গো প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন-এমিরেটস স্কাইকার্গো ম্যানেজার (বাংলাদেশ) মো: আব্দাল্লা। প্রতিনিধিদল সিলেট বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স ও বিদ্যমান সুবিধাসমূহ সরেজমিনে পরিদর্শন করে এবং যত দ্রুত সম্ভব সিলেট থেকে কার্গো ফ্লাইট চালুর সম্ভাব্যতা যাচাই করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা ওসমানী এয়ারপোর্টের ব্যবস্থাপক মো: হাফিজ আহমদের সাথে সিলেট থেকে কার্গো ফ্লাইট পরিচালনা নিয়ে এক বৈঠকে মিলিত হন।
প্রতিনিধি দলে ছিলেন এমিরেটস স্কাইকার্গোর পক্ষ থেকে সুদীপ্ত পাল ও মো. রাদওয়ান হোসেন। এছাড়াও, সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শরীফ কার্গোর ব্যবস্থাপনা পরিচালক হিজকিল গুলজার এবং আইটি অ্যালায়েন্স লিমিটেড-এর চেয়ারম্যান ও বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক (ফাইন্যান্স) কাজী মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে সিলেট থেকে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হলে রপ্তানি-বাণিজ্য, প্রবাসী অধ্যুষিত অঞ্চলগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামগ্রিকভাবে সিলেট অঞ্চলের বাণিজ্যিক সক্ষমতা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।




