লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
মানুষকে আলোকিত করতে গ্রন্থাগারের ভূমিকা গুরুত্বপূর্ণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৪:৩১ অপরাহ্ন
ডাক ডেস্ক : ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্য নিয়ে যথাযথ গুরুত্বের সাথে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ পালন করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির রাবেয়া খাতুন চৌধুরী (আর কে সি) সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা পরবর্তী বক্তব্যে উপাচার্য বলেন, মানুষকে আলোকিত করতে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেজন্য শিক্ষার্থীদেরকে গ্রন্থাগারে গিয়ে বই পড়ার উৎসাহ প্রদান করতে হবে। পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বইও বেশি বেশি পড়তে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, যে জাতি যতবেশি পাঠাভ্যাস গড়ে তুলেছে এবং গবেষণায় মনোনিবেশ করেছে, সে জাতি তত বেশি উন্নতির পথে এগিয়ে গিয়েছে। তাই তিনি নিয়মিত গ্রন্থাগার ব্যবহারের জন্য সকল শিক্ষক ও শিক্ষার্থীর প্রতি আহবান জানান। তিনি লিডিং ইউনিভার্সিটির লাইব্রেরিয়ানকে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি উৎসাহ বাড়ানোর লক্ষ্যে বই পড়া বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করার পরামর্শ প্রদান করেন।
শোভাযাত্রায় লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আব্দুল মজিদ মিয়া, বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-ককর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
লিডিং ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী তার বক্তব্যে জানান, আর কে সি সেন্ট্রাল লাইব্রেরি সম্পূর্ণ কম্পিউটারাইজড। প্রায় ২০ হাজার বই এ গ্রন্থাগারের শেলফে গ্রন্থাগার বিজ্ঞানের নিয়মানুসারে সাজানো আছে। এসব বই অনলাইনে যেমন সার্চ করে পাওয়া যায়, তেমনি বইয়ের অবস্থান-নির্দেশক গাইডলাইন ব্যবহার করেও পাওয়া যায়। তিনি আরো জানান, হার্ডকপি বইয়ের পাশাপাশি গ্রন্থাগারের RKC Digital Library মাধ্যমে ৩৫০০ ই-বুক এবং ‘রিসার্স ফর লাইফ’ এর পাঁচটি প্রোগ্রাম Hinari, AGORA, OARE, ARDI, GOALI- এর প্রায় দু’লক্ষ ই-জার্নাল ও ই-বুক ব্যবহার করা যায়।



