ইমাম-মুয়াজ্জিনদের হাদিয়া বৃদ্ধি ও তাদের মর্যাদা নিশ্চিত করা হবে : মুক্তাদির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৮:৫৩ অপরাহ্ন
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমাজ গঠনে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা শুধু নামাজের ইমামতি করেন না, বরং সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন। কিন্তু দীর্ঘদিন ধরে ইমাম ও মুয়াজ্জিনরা নানা অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে হাদিয়া বৃদ্ধি করা। ইনশাআল্লাহ, বিএনপি সরকার গঠন করলে ইমাম-মুয়াজ্জিনগণের হাদিয়া বৃদ্ধির বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল শুক্রবার সিলেট নগরীর মিরাপাড়ায় এবং পরে সোবাহানীঘাট এলাকায় হাজী নবাব আলী জামে মসজিদে জুম’আর নামাজ পরবর্তী গণসংযোগে, টুকেরবাজার ইউনিয়নের ৩,৪,৫ নম্বর ওয়ার্ডবাসী আয়োজিত জাহাঙ্গীরনগর এলাকা খেলার মাঠে মহিলা সমাবেশ, জালালাবাদ এলাকায় জনসভা, বাদ এশা বিসিক গোটাটিকর ও পিরেরবাজারে পৃথক নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি। এদিকে, খন্দকার মুক্তাদিরের সমর্থনে গতকাল সকালে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগকালে খন্দকার মুক্তাদির ইমামগণ, মুয়াজ্জিনবৃন্দ, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরাসরি তাঁদের মতামত, পরামর্শ ও সমস্যার কথা শুনেন। তিনি নগর উন্নয়ন, নাগরিক সেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য খেলাধুলা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়েও তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইনসহ জেলা ও মহানগর বিএনপি এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে গতকাল শুক্রবার সকাল ১০টায় সিলেট নগরীতে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি অনুষ্ঠানিক উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির।
সিভিক্স ভয়েজ’র উদ্যোগে এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকার নেতৃত্বে র্যালিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্বিনব্রিজ এলাকায় গিয়ে সুরমা নদীর পার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশু, সিভিক্স ভয়েজ’র সিইও মোসাদ্দেক আহমদ চৌধুরী, গোলাম জাকির চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী, রুবেল ইসলাম প্রমুখ।
টুকেরবাজার ইউনিয়ন বিএনপি আহবায়ক সফিকুর রহমান সফিক চেয়ারম্যানের সভাপতিত্বে আয়োজিত মহিলা সমাবেশে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জালালাবাদ জনসভায় মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, জিয়াউল হক জিয়া, হুমায়ুন আহমদ মাসুক, আব্দুর রহিমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি




