ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:০১:১৮ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী যুবক নিহত হয়েছেন। সিলেট-ঢাকা মহাসড়কের তালেরতল নামক স্থানে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মাসুম আহমদ (২১) তাজপুর ইউনিয়নের দুরাজপুর গ্রামের হিরন মিয়ার ছেলে।
জানা গেছে, মোটরসাইকেল আরোহী মাসুম তাজপুর বাজার থেকে গোয়ালাবাজারে যাওয়ার পথে রাস্তায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি মো. মোরশেদুল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।



