রিটার্নিং অফিসারের কাছে সিলেট বিএনপির তিন শীর্ষ নেতার অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৩:৩৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট বিএনপির তিন শীর্ষ নেতা রিটার্নিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের কাছে অভিযোগ করেছেন। তারা মৌখিক অভিযোগে উল্লেখ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য নানা হুমকি ধমকি দিচ্ছে। তাছাড়া, বিভিন্ন প্রার্থী পোস্টার ব্যানারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করলেও কেবল বিএনপি প্রার্থীর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে বিষয়টি উপেক্ষিত হচ্ছে। প্রশাসনের এমন বৈষম্যমূলক আচরণের বিষয়টিও তারা তাদের অভিযোগে তুলে ধরেছেন।
গতকাল শুক্রবার রাত পৌণে ৯টার দিকে সিলেটের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলমের কার্যালয়ে সাক্ষাৎ করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিটার্নিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক তাদের অভিযোগ মনোযোগ দিতে শুনেছেন। আশ্বাস দিয়েছেন সন্তোষজনক নিষ্পত্তির।



