ইসলাম অন্য ধর্মের লোকজনের ওপর জুলুম সমর্থন করে না : হবিগঞ্জে জামায়াত আমীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০:১৩ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেশকে আর কোনোভাবেই বিভক্ত করতে দেয়া হবে না। ইসলাম অন্য ধর্মের লোকজনের ওপর জুলুম সমর্থন করে না। আল্লাহ একই বাগানে বিভিন্ন ফুলগাছ দিয়ে বাগান সাজিয়েছেন।’
গতকাল শনিবার বেলা ১১টায় হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর বলেন, ‘একটি আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে মেধার কোনো বিকল্প নেই এবং আগামীর বাংলাদেশে মেধার ভিত্তিতেই যোগ্য ব্যক্তিরা তাদের কর্মসংস্থান খুঁজে পাবেন।’
তিনি আরও বলেন, ‘হবিগঞ্জের ঐতিহাসিক চা বাগানগুলোকে আধুনিকায়ন করে স্থানীয় অর্থনীতির আমূল পরিবর্তন করা হবে, যা এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করবে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত যদি রাষ্ট্রীয় দায়িত্বে আসে তবে দেশে যেকোনো ধরনের চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে।’ অসৎ ও দুর্নীতিবাজ নেতৃত্বের কারণেই বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ‘তারা নির্বাচিত হলে প্রতি বছর জনগণের কাছে জনপ্রতিনিধি ও তাদের পরিবারের লোকদের আয়-ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রদান করা হবে।
দেশের বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে জামায়াত আমীর বলেন, ‘সন্ত্রাস ও দুর্নীতি বর্তমানে দেশকে গ্রাস করে ফেলেছে যার সম্পূর্ণ দায়ভার বিগত ক্ষমতাধরদের ওপর বর্তায়। দেশের ১৮ কোটি মানুষের স্বার্থে যারা মা-বোনদের বিভিন্ন সময়ে অপমান ও নিগৃহীত করেছে তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যে বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন নিয়ে এদেশের মানুষ বারবার জীবন দিলেও অসৎ রাজনীতির কারণে সেই বৈষম্য আজও বিদ্যমান রয়ে গেছে। জামায়াতে ইসলামী একটি সুস্থ ও মেধাভিত্তিক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমীর হবিগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ও হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের বাচ্চু, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জাকসু জিএস মাজহারুল ইসলাম, নেজামে ইসলাম সিলেট মহানগর আমীর মাওলানা জোবায়ের রহমান খান, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মুফতি মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী প্রমুখ।




