ছাতকে দাঁড়িপাল্লার প্রচারণায় জামায়াতের মহিলা কর্মীদের বাধা প্রদানের অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২২:৪২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে দাঁড়িপাল্লার প্রচারণাকালে জামায়াতের মহিলা কর্মীদের বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ছাতকে মাওলানা আব্দুস সালাম আল মাদানীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গতকাল (৭ ফেব্রুয়ারি) শনিবার বিকাল ৪টা ২৫ মিনিটে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেওতরপাড়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা কর্মী হাজেরা আক্তার, আমিনা, তাহমিনা আক্তার, হেপি আক্তারসহ অন্যান্যরা সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করছিলেন। এ সময় উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও শেওতেরপাড়া গ্রামের মৃত জবর আলীর পুত্র আজিজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য, শেওতেরপাড়া গ্রামের ইশাদ আলীর পুত্র নুর উদ্দিন মেম্বার জামায়াতের নারী কর্মীদের প্রচারণা কাজে বাধা প্রদান ও হেনস্তা করেন। তারা জামায়াতের নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, হুমকি-ধমকি দেন এবং প্রচারণা বন্ধ করতে জোরপূর্বক বল প্রয়োগ করেন।’
তিনি বলেন, ‘আমরা এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ অবশ্যম্ভাবী। এতে বাধা প্রদান অত্যন্ত উদ্বেগজনক এবং এটি নারীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। রাজনৈতিক মতভিন্নতার কারণে নারী কর্মীদের হেনস্তা করা গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের পরিপন্থী।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে ঘটনায় সম্পৃক্ত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছি এবং সুস্পষ্ট অভিযোগ দায়ের করেছি। কিন্তু আমরা গভীর বিস্ময়ে লক্ষ করছি- প্রশাসন এখন পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এতে করে যদি পরিবেশ ঘোলাটে হয় এর দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত দোষিদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নির্বাচনে সকল দল ও কর্মীদের জন্য সমতা বিধান এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রশাসন ও নির্বাচন কর্তৃপক্ষের প্রতি আহবান জানাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের নির্বাচন কমিটির মিডিয়া সেক্রেটারি এডভোকেট সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য শাহ আলম, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, দোয়ারা উপজেলা জামায়াতের আমীর ডাক্তার হারুন রশীদ, ছাতক পৌর জামায়াতের আমীর ইন্জিনিয়ার নোমান আহমদ, ছাতক উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মনসুর আহমদ, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন, ছাতক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান, জামায়াত নেতা হেলাল উদ্দিন, আব্দুল আউয়াল, আবু মুসা রাসেল, আরাফাত আহমদ রাহাত, নাসির উদ্দীন, জাবেদ আহমদ প্রমুখ।



