নির্বাচনী শেষ প্রচার মিছিলে মুখর মৌলভীবাজার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৭:৫৩ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : নির্বাচনের প্রচারণার শেষ দিনে মিছিলে মিছিলে মুখর ছিল মৌলভীবাজার। জেলার চারটি আসনের বিএনপি, জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ স্বতন্ত্র প্রার্থীরা গণমিছিল করেছেন। প্রার্থীরা ভোটারদের দিয়েছেন নানা প্রতিশ্রুতি।
মৌলভীবাজার জেলার ৪টি আসনে মোট কেন্দ্র রয়েছে ৫৫৪টি। এর মধ্যে প্রশাসনের তালিকায় রয়েছে অধিক গুরুত্বপূর্ণ ৮০টি কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ১৪৩টি কেন্দ্র। আর বাকিগুলো সাধারণ হিসেবে তালিকায় রাখা হয়েছে।
জেলায় মোট ভোটার ১৫ লক্ষ ৯১ হাজার ৩শ’ ৬জন। তার মধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ৪ হাজার ৩শ’ ৯৬ জন ও মহিলা ভোটার ৭ লক্ষ ৮৬ হাজার ৯শ’ ২জন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮জন।
গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজার-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী প্রেসক্লাব প্রাঙ্গণে বহু জনতা নিয়ে সমাবেশ করেন। সমাবেশে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান বলেন, সর্বস্তরের জনতা এই মিছিলে অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ হয়েছে আগামী ১২ তারিখ আমরা বিজয় নিয়ে আসতে পারব। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা লুৎফুর রহমান কামালী, এনসিপি নেতা খালেদ আহমদ, এহসান জাকারিয়া, বিডিপি নেতা আব্দুল মজিদসহ ১১ দলীয় জোটের নেতারা। পরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মৌলভীবাজার পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাদের প্রচার মিছিলটি।
এদিকে, বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে দলটি। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান। সমাবেশ শেষে দলটি পৌর শহরে মিছিল বের করে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় নাসের রহমান রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। এছাড়া এই আসনের অন্য দুই প্রার্থী শেষ দিনে তাদের প্রচারণা চালিয়েছেন।
জেলার বাকি আসনগুলোতে শেষ দিনে নির্বাচনী প্রচারণা চালায় বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টিসহ অন্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা।


