জকিগঞ্জ-কানাইঘাটকে অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত করা হবে -উবায়দুল্লাহ ফারুক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৬:০৩ অপরাহ্ন
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত ও বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, বৃহত্তর সিলেটের মাঝে জকিগঞ্জ-কানাইঘাট হলো সম্ভাবনায় দু’টি উপজেলা। পাথর ও এবং পর্যটন শিল্পের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দুই উপজেলাকে অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হবে। গতকাল সোমবার কানাইঘাট থানা সদর মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
জনসভায় মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, এই জনপদের রাস্তা-ঘাটের সমস্যা, নদী ভাঙ্গন, পানির সমস্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, শিক্ষার ব্যবস্থার উন্নয়ন সাধনের জন্যই আমি নির্বাচনে এসেছি। তিনি বিলেন, আমি এই দেশের শীর্ষ উলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের মুরব্বী, জমিয়ত-বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সবার অনুরোধে নির্বাচনে অংশ নিয়েছি। তাই খেজুরগাছ নির্বাচিত হলে এই দেশের উলামায়ে কেরামদের মুখ উজ্জ্বল হবে।
কানাইঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, ক্বারি হারুনুর রশিদ, আলতাফ হোসাইন ও আবুল হোসেন চতুলীর যৌথ সঞ্চালনায় মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, ভারত সীমান্তের এই জনপদগুলো অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাথর এবং পর্যটন শিল্পের সঠিক ব্যবস্থাপনা করতে পারলে এই দুই উপজেলা সিলেটের অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন দেশের শীর্ষ বুজুর্গ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খ আলিম উদ্দিন দুর্লভপুরী, মাওলানা শফিকুল হক সুরাইঘাটি, শামসুদ্দিন দুর্লভপুরী , কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাফাদার, বিএনপি আরব আমিরাত শাখার সভাপতি জাকির হোসাইন, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা নূর আহমদ কাসেমী, মুফতি ইবাদুর রহমান, সৈয়দ মবনু, মাওলানা আহমদ সগীর, মাওলানা রায়হান উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি।



