শ্রীমঙ্গলে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে র্যাবের প্রস্তুতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫০:৪৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে র্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গলের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার এএসপি আরিফুর রহমান জানান, ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে মৌলভীবাজারের চারটি আসনে র্যাবের মোট ৮টি টহল টিম মাঠে কাজ করছে। এছাড়া প্রতিটি আসনে সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা টিম দায়িত্ব পালন করছে। ভোট কেন্দ্র ও নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে টহল ও গোয়েন্দা টিমের সকল সদস্য নির্বাচনী প্রশিক্ষণপ্রাপ্ত।
তিনি আরও বলেন, “জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থাসহ সকলের সঙ্গে সমন্বয় রেখে আমরা একটি টিমের মতো কাজ করছি। মৌলভীবাজার জেলার নির্বাচনী পরিবেশ সম্পূর্ণরূপে নিরাপদ। জনগণকে আহ্বান জানাচ্ছি, ভোটাররা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে কেন্দ্রগুলোতে আসুন। ইনশাআল্লাহ, আমরা সকলে মিলে একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন নিশ্চিত করব।”
প্রেস ব্রিফিংয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার, র্যাব সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


