পর্যবেক্ষক পরিচয়ে রাতে মিরাবাজার জামেয়া কেন্দ্রে ঢোকার চেষ্টা, আটক ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে ঢোকার চেষ্টাকালে তিন তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেন।
অতিরিক্ত উপকমিশনার জানান, তিনজন তরুণ রাতে কেন্দ্রে ঢোকার চেষ্টা চালালে স্থানীয় লোকজন বাধা দেন। খবর পেয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ ওই তিন তরুণকে আটক করে থানায় নিয়ে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন তরুণ নিজেদের পর্যবেক্ষক বলে পরিচয় দিয়েছেন। কিন্তু রাতের বেলা কেন তাঁরা কেন্দ্রে ঢুকতে চেয়েছিলেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া তাঁরা পর্যবেক্ষক কি না, কিংবা পর্যবেক্ষক হলে তাঁরা আইন লঙ্ঘন করেছেন কি না, সেসব খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি শান্ত।

এদিকে তিন তরুণের পর্যবেক্ষক পরিচয় দিয়ে কেন্দ্রে ঢোকার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রথমত দুঃখজনক হলো, আজ দুপুরে জামায়াতের এক নেতার বাসা থেকে লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এটা লক্ষণ ভালো নয়। সিলেটের যে সম্প্রীতির রাজনীতি, এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবে। লাঠিসোঁটা যদি এভাবে পাওয়া যায়, তাহলে ভোটাররা কীভাবে নির্বিঘ্নে ভোট দেবে?’
ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, ‘জামেয়া ভোটকেন্দ্রে রাতের বেলা পর্যবেক্ষকেরা কী জন্য এসেছেন, তাঁরা এখন কেন আসলেন, সেটা প্রশাসনের খতিয়ে দেখা উচিত। এ ছাড়া প্রিসাইডিং কর্মকর্তা তাঁদের ঢোকার অনুমতি কীভাবে দিলেন? পর্যবেক্ষক যদি হয়ে থাকেন, তাহলে ভোট চলাকালে তাঁরা পর্যবেক্ষণ করবেন। এখন কেন এলেন? এর জন্য দায়ী প্রিসাইডিং কর্মকর্তা।’
একইভাবে রাত ১০টার দিকে নগরের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দলীয় কয়েকজন নেতা-কর্মীকে ওই কেন্দ্রে ঢুকিয়েছেন এবং ওই কর্মকর্তা একাধিকবার কেন্দ্রের বাইরে এসেছেন বলেও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অভিযোগ করেন।



