সিলেট-৫ : কেন্দ্রভিত্তিক ফলাফলে ১১ দলীয় জোটের মুফতি আবুল হাসান বিজয়ী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩:১৯ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের মোট ১৫৮টি ভোটকেন্দ্রের সেন্টারভিত্তিক প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি)। তবে পোস্টাল ব্যালেটের ভোটের হিসাব এখনো চূড়ান্ত হয়নি।
নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার সবকটি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসানের দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছে ৪৪ হাজার ১৮১ ভোট। একই উপজেলায় বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খেজুরগাছ প্রতীক পেয়েছে ২০ হাজার ৬৬০ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ২৩ হাজার ৩৯১ ভোট।
অন্যদিকে কানাইঘাট উপজেলায় মুফতি আবুল হাসানের দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছে ৩১ হাজার ৬৩৩ ভোট। সেখানে বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খেজুরগাছ প্রতীক পেয়েছে ৪৮ হাজার ৯২৪ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ৩১ হাজার ১২৫ ভোট।
দুই উপজেলার মোট ভোটের হিসাবে দেখা যায়, দেওয়াল ঘড়ি প্রতীক সর্বোচ্চ ৭৫ হাজার ৮১৪ ভোট পেয়েছে। খেজুরগাছ প্রতীক পেয়েছে ৬৯ হাজার ৫৮৪ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ৫৪ হাজার ৬১৪ ভোট।
সবমিলিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের চেয়ে ৬ হাজার ২৩০ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। তবে পোস্টাল ব্যালেটের ফলাফল এখনো পাওয়া যায়নি এবং আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি।
এদিকে নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত ফলাফলে মুফতি আবুল হাসানের বিজয়ের খবরে তাঁর কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিলও করছেন তাঁরা।



