সিলেটে ৩৩ প্রার্থীর ২০ জনের জামানত বাজেয়াপ্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮:০৬ অপরাহ্ন
লবীব আহমদ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬ টি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় নিজেদের জামানত বাজেয়াপ্ত হয়েছে ২০ প্রার্থীর। বৃহস্পতিবার রাতে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। অন্যথায় জামানত বাবদ জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হবে।
সিলেট-১ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৫৩৯ টি। এরমধ্যে ৪০ হাজার ৬৯২ ভোট না পেয়ে জামায়াত হারিয়েছেন গণঅধিকার পরিষদের আকমল হোসেন (৩১৪), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদের প্রণব জ্যোতি পাল (১১৩৪), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (২৭০১), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসাইন (৯০৮), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া (২৩৯), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর সঞ্জয় কান্ত দাস (৮০১)।
আর এখানে বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।
সিলেট-২ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ৫০৭ টি। যার ২০ হাজার ৫৬৩ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (১৪২০), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (১৪০৮) ও গণফোরামের মো. মুজিবুল হক (৬৩৭)।
এখানে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুহা. মুনতাসির আলী ৩৮ হাজার ৬৩৫ ভোট পাওয়ায় জামানত রক্ষা হয়েছে।
সিলেট-৩ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪ হাজার ৬৪৭ টি। যার মধ্যে ২৫ হাজার ৫৮৫ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (২৬৩০), ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী (১৩৯১), স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকের (২৯৭) ও মেস্তাকিম রাজা চৌধুরী (৪১৯৯)।
এখানে বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দীন রাজু (রিকশা) প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট।
সিলেট-৪ আসনে মোট ভোট পড়েছে ২ লখ ৭০ হাজার ৫৬৫ টি। যার ৩৩ হাজার ৮২০ ভোট না পেয়ে জামানত হারিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (২৭২৪), জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান (১৯৬৬) ও গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (৫৬১)।
এখানে বিএনপির আরিফুল হক চৌধুরী ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।
সিলেট-৫ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৫১৮ টি। যার মধ্যে ২৬ হাজার ৪৩৯ ভোট না পেয়ে জামানত হারিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন (৩৭২)। এখানে খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্য দুই প্রার্থী যথাক্রমে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক ৬৯ হাজার ৭৭৪ ভোট ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র মামুনুর রশিদ (চাকসু মামুন) পেয়েছেন ৫৭ হাজার ২৫১ ভোট।
সিলেট-৬ আসনে ২ লাখ ৪৩ হাজার ৬৯৬ টি ভোট পড়েছে। এর মধ্যে ৩০ হাজার ৪৬২ টি ভোট না পেয়ে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর (১১৭০), গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (১৩৮৬) ও স্বতন্ত্র মো. ফখরুল ইসলাম (২৩৮৪৬)।
এখানে বিএনপির এমরান আহমদ চৌধুরী ১ লাখ ৯ হাজাী ৯১৭ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সেলিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট।



