চারটি আসনের একটিতেও জয় পায়নি জমিয়ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১:২৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের হেভিওয়েট চারজন প্রার্থী খেজুরগাছ প্রতীকে প্রতিদ্বন্দি¦তা করলেও একটি আসনেও জয় মেলেনি। বিপুল ভোটের ব্যবধানে তারা বিএনপির বিদ্রোহী এবং খেলাফত মজলিস, এনসিপি ও জামায়াতে ইসলামের প্রার্থীর কাছে হারতে হয়েছে।
এর মধ্যে সিলেট-৫ আসনে প্রতিদ্বন্দি¦তা করেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক। এ আসনে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে তাকে হারতে হয়েছে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসানের কাছে।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, দেয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস প্রার্থী মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৭৯ হাজার ৩৫৫। অপরদিকে খেজুরগাছ প্রতীকে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে ইসলামের উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ¦ী বিএনপি জোটের প্রার্থী জমিয়তের মাওলানা জুনায়েদ আল হাবিবের চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন।
১৫১ কেন্দ্রে সব কটিতে হাঁস প্রতীকে রুমিন পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ¦ী জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ১লাখ ৪ হাজার ৪৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ¦ী বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমীর প্রাপ্ত ভোট ৮০ হাজার ১৩৮।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ৩৬ হাজার ১০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৫০ হাজার ৮২৪।
নিকটতম প্রতিদ্বন্দ¦ী বিএনপি জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী (খেজুর গাছ প্রতীক) পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৩৭৪ ভোট।



