সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বীর বাড়িতে বিজয়ী বিএনপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৩:৪৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (নগর-সদর) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। বিজয় নিশ্চিত হওয়ার পরপরই তিনি সৌজন্য সাক্ষাতে যান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতা মাওলানা হাবিবুর রহমান-এর বাসায়।
গতকাল শুক্রবার বাদ জুমা খন্দকার আব্দুল মুক্তাদীর নগরীর শিবগঞ্জ লামাপাড়ায় মাওলানা হাবিবুর রহমানের বাসায় উপস্থিত হন। সেখানে তাকে আন্তরিকভাবে স্বাগত জানান হাবিবুর রহমান। সাক্ষাতে দু’জন পরস্পরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করান। এ সময় মাওলানা হাবিবুর রহমান খন্দকার আব্দুল মুক্তাদীরকে নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানান। তারা উভয়েই আগামী দিনে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতে খন্দকার আব্দুল মুক্তাদীরের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ। রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের এই দৃশ্য সিলেটের রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।


