জকিগঞ্জে বড়ভাইয়ের হাতে ছোটভাইয়ের প্রাণহানি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০২:৩১ অপরাহ্ন
জকিগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জ উপজেলায় পারিবারিক কলহে বড়ভাইয়ের মারধরে কামিল আহমদ (২৫) নামে এক ছোটভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে মারধরের এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত বড়ভাই জাকির আহমদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
তারা ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে জাকিরকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাওয়ার সময় কামিল আহমদ ও জাকির আহমদের স্ত্রীর মধ্যে খাবারের মান নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জাকির আহমদ স্ত্রীর পক্ষ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তখন জাকির কাঠের চেলা দিয়ে কামিলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত কামিলকে পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী চারখাই এলাকার একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন।
পরে শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে জাকির আহমদকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



