কাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৭:২১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ের পর এবার প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের সঙ্গে সরাসরি দেখা করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) দুই নেতার সঙ্গে দেখা করতে তাঁদের বাসায় যাবেন তিনি।
বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার সন্ধ্যা ৭টায় প্রথমে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমীরের বাসায় যাবেন তারেক রহমান। সেখান থেকে রাত ৮টার দিকে দক্ষিণ বনশ্রীতে নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তাঁর।’
বিএনপি চেয়ারম্যানের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, নির্বাচনী উত্তাপের পর সংলাপ, সহমত ও সহনশীলতার বার্তা দেওয়ার জন্য এটি একটি কৌশলগত ও ইতিবাচক পদক্ষেপ।
দলীয় সূত্র বলছে, ভবিষ্যৎ সরকার পরিচালনায় বিরোধী দলের সঙ্গে যোগাযোগ ও আস্থার সেতুবন্ধন গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান। এই মনোভাব থেকেই তিনি এই সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন।



