জকিগঞ্জে টমটমের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত অফিস সহকারী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৬:৩৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মো. ফখরুল ইসলাম তেরা মিয়া (৬৮) নামের এক অবসরপ্রাপ্ত অফিস সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফখরুল ইসলাম তেরা মিয়া জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের মৃত আব্দুশ শুক্কুর মিয়ার ছেলে। তিনি জকিগঞ্জ উপজেলার সমাজসেবা কার্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী ছিলেন।
নিহতের ছেলে সাঈদুর রহমান সাঈদ জানান, গতকাল সোমবার বিকেলে তার বাবা জকিগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে শেওলা-জকিগঞ্জ সড়কের আনন্দপুর এলাকায় একটি ব্যাটারিচালিত টমটম তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সন্ধ্যা প্রায় ৬টার দিকে পথিমধ্যে তিনি মারা যান। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করবেন না বলে জানান।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় আহত হয়ে সিলেটে চিকিৎসায় যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে এমন খবর পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




