ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলী
‘শিশুকিশোরদের মননে ইসলামী মূল্যবোধ আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৬:৫৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : দেশবরেণ্য শিল্পপতি, শিক্ষা, স্বাস্থ্যসহ সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী বলেছেন, শিশু-কিশোররা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।
মানবসেবায় নিবেদিত প্রতিষ্ঠান রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, শিশু-কিশোরদের মাঝে ইসলামী মূল্যবোধ জাগাতে পারলে তারা আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আলোকিত সমাজ গড়তে ভূমিকা রাখবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
তিনি গতকাল সোমবার ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এর সিলেট বিভাগীয় পর্যায়ে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যসেবায় বেসরকারি উদ্যোগে সিলেটে প্রথম প্রতিষ্ঠিত জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সিলেটের প্রথম বেসরকারি বিশ^বিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী আরো বলেন, ইসলামিক সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন প্রতিযোগিতা তাদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা জাগ্রত করে। এই মহতি অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কার্যালয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ- পরিচালক মো. আনোয়ারুল কাদির বলেন, শিশু-কিশোরদের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতেই ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠান ও অভিভাবক মহলের পক্ষ থেকে ব্যাপক সাড়া রয়েছে বলেও জানান তিনি।
ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক মো. আলমান হোসেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা আতাউর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মারওয়ান রহমান এবং হামদ-নাত পরিবেশন করেন তানজিনা আক্তার হাফছা।
পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।




