প্রকাশনা অনুষ্ঠানা সিলেটের বিভাগীয় কমিশনার
মানবিক সমাজ গঠনে কাউসার চৌধুরীর ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থটি কাজে লাগবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা উন নবী বলেছেন, মানুষের শরীরের কোনো একটি অঙ্গের কিছু হলে বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়ে। আর দুটো অঙ্গ হলে তো আরও কঠিন। কিন্তু, সাংবাদিক কাউসার চৌধুরীর একসাথে লিভার ও কিডনির মতো দুটো অর্গান প্রতিস্থাপন করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। আল্লাহর দয়া আর মানুষের সহযোগিতার ফলেই তার পক্ষে এতো ব্যয়বহুল চিকিৎসা সম্ভব হয়েছে। তার প্রতি দেশ-বিদেশের লোকজন যে মানবিকতা দেখিয়েছেন তা নিঃসন্দেহে একটি বিরল ঘটনা।
দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী রচিত “দ্বিতীয় জীবনের গল্প’’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার বিকেলে নগরের সুবিদবাজারে সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও এমজেএম পাবলিশার্স ইউকের চেয়ারম্যান মহিব চৌধুরী।
দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার নুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী,সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী, দৈনিক সিলেটের ডাক’র অতিথি সম্পাদক ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন।”দ্বিতীয় জীবনের গল্প” গ্রন্থের লেখক কাউসার চৌধুরী অনুষ্ঠানে লেখকের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, অসুস্থকালীন দেশ-বিদেশের মানবিক মানুষরা তার পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাংবাদিক কাউসার চৌধুরীও সেইসব মানবিকতার কৃতজ্ঞতা প্রকাশ করতে একটি গ্রন্থ লিখেছেন। যা নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। দ্বিতীয় জীবনের গল্প গ্রন্থটি মানবিক সমাজ গড়তে কাজে লাগবে। এটি কেবল একটি গ্রন্থই নয় একজন মানুষের সুস্থ জীবন গড়ারও একটা গাইডলাইন। তাই এটি বলা যায়, এই গ্রন্থ থেকে সব মানুষ উপকৃত হতে পারেন।
বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আব্দুল কাদের তাপাদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। কুরআন তেলাওয়াত করেন সিলেট প্রেসক্লাব সদস্য মুন্সী ইকবাল। এতে উপস্থিত ছিলেন কাউসার চৌধুরীর সহধর্মিনী ও সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়েরা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা উন নবী বলেন, আমরা মানবিক সমাজ গড়তে চাই। কাউসার চৌধুরীর মতো যদি কোনো মানুষ বিপদে পড়েন আমরা তার পাশে দাঁড়াব। নতুন বাংলাদেশ গঠন করতে রাজনৈতিক নেতৃবৃন্দ এগিয়ে এসেছেন। আমরা আর পিছিয়ে থাকতে চাই না।সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা এগিয়ে যেতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর বলেন, মানুষ তারাই যারা অকপটে কৃতজ্ঞতা প্রকাশ করে। আমার ক্লাবের সদস্য কাউসার চৌধুরী সেক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে একটি গ্রন্থ রচনা করে ফেলেছেন। তার এই প্রচেষ্টা আমাদের জন্য অনুকরণীয়।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দ্বিতীয় জীবনের গল্প গ্রন্থ কেবল একটি গ্রন্থ নয়; এটি একটি ইতিহাসও বটে। সেই দুঃসময়ে আমরা কাউসার চৌধুরীর পাশে দাঁড়িয়েছিলাম। তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বই লিখেছেন-যা তিনি আরেকটা নজির সৃষ্টি করলেন। এই গ্রন্থ সকল মানুষের স্বাস্থ্যকর জীবন যাপনে কাজে আসবে।
সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, কাউসার চৌধুরী যখন বিছানায় শয্যাশায়ী আমরা সেদিন দেখতে গিয়েছিলাম। তাকে দেখে বরদাশত করতে পারিনি। একজন তরতাজা যুবক বিছানায় পড়ে আছেন, তার চেহারা – শরীর কেমন হয়ে গেছে। কিন্তু আল্লাহ বড়ই দয়ালু। আজ কাউসার চৌধুরী সুস্থ জীবন যাপন করছেন। সাংবাদিকতা করছেন। তার এই গ্রন্থ অনেকের উপকারে আসবে।
সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী বলেন, সাংবাদিক কাউসার চৌধুরী একজন সৌভাগ্যবান। না হয় এত দ্রুত ফান্ড রাইজিং করা সম্ভব হয় না। এমনকি এত বিশাল পরিমাণের অর্থ জোগাড় করাটাও কঠিন। কিন্তু আল্লাহ তার জন্য সবকিছু সহজ করে দিয়ে তাকে সুস্থ জীবন দান করেছেন।
দৈনিক সিলেটের ডাক’র অতিথি সম্পাদক ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন বলেন, আমরা সবসময় মানবিক কাজ করি। হঠাৎ শুনলাম কাউসার চৌধুরী অসুস্থ। লন্ডনে ফান্ড রাইজিং করা হলো। সবাই তার পাশে দাঁড়ালেন।সবার মানবিকতায় তিনি আজ সুস্থ হয়ে কৃতজ্ঞতা স্বরূপ বই লিখেছেন যা একটি দৃষ্টান্ত।
অনুষ্ঠানে ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থের লেখক সাংবাদিক কাউসার চৌধুরী তার বক্তব্যে তার চিকিৎসার জন্যে এগিয়ে আসা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে লন্ডনের মানবিক মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের অর্থের ফলেই এতো ব্যয়বহুল চিকিৎসা সম্ভব হয়েছে।
লন্ডনে মহিব চৌধুরী, মুহাম্মদ জুবায়ের, তাইসির মাহমুদ, ইব্রাহিম খলিল এবং বাংলাদেশে মিসবাহ উদ্দিন সিরাজ, শামসুল ইসলাম, মুহাম্মদ তাজ উদ্দিন, মঈন উদ্দিন মনজু ও মোহাম্মদ সিরাজুল ইসলামের নাম উল্লেখ করে তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, এই গ্রন্থ কেবল নিজের চিকিৎসার বিষয় নয় এটি লিভার কিডনি রোগে আক্রান্তদের জন্য গাইডলাইন হিসেবে কাজ করবে।
সভাপতির বক্তব্যে মহিব চৌধুরী গ্রন্থটি প্রকাশ করতে পেরে সবাইকে ধন্যবাদ জানান। তিনি লন্ডনে কাউসার চৌধুরীর চিকিৎসার অর্থ সংগ্রহের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, এত কম সময়ে এতো বড় ধরনের ফান্ড সংগ্রহ সম্ভব হয়না। কিন্তু কাউসার চৌধুরীর ক্ষেত্রে এটি একটি বিরল ঘটনা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম জাবেদ আহমদ, এমসি একাডেমির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ভানুজ কান্তি ভট্টাচার্য, সাবেক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি ফয়ছল আলম, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অধ্যাপক বাছিত ইবনে হাবিব, ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, পুণ্যভূমি সম্পাদক আবু তালেব মুরাদ, সাংবাদিক সিদ্দিকুর রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, যুক্তরাজ্য প্রবাসী উদ্যোক্তা শাহ কায়েস চৌধুরী, রাজনীতিবিদ আহমদ চৌধুরী ও কুহিনুর রহমান, সিলেট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স, গাজী বুরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম, কবি নামব্রম শংকর, সিলেট প্রেসক্লাব সদস্য যথাক্রমে আমিরুল ইসলাম চৌধুরী (এহিয়া), আহবাব মোস্তফা খান, এনামুল হক রেনু, দুলাল হোসেন, এম. রহমান ফারুক, শেখ আব্দুল মজিদ, সিন্টু রঞ্জন চন্দ, শফিক আহমদ শফি, বিএনপি নেতা আহছানুজ্জামান শহিদ, সৈয়দ আখতার উদ্দিন আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, মদন মোহন কলেজ ছাত্রদলের সহ ধর্ম সম্পাদক সজিব দেব, এমজেএম গ্রুপের সদস্য এম. রাশিদ চৌধুরী, আমিনুর রহমান, সুজন চৌধুরী, নাজমুল ইসলাম, এমদাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।।
প্রসঙ্গত, লিভার কিডনি ট্রান্সপ্লান্ট করা সাংবাদিক কাউসার চৌধুরীর চিকিৎসা বিষয়ক গ্রন্থ “দ্বিতীয় জীবনের গল্প” সম্প্রতি ইংল্যান্ডের প্রকাশনা প্রতিষ্ঠান এমজেএম পাবলিশার্স কর্তৃক প্রকাশিত হয়।



