প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সিলেটের হুমায়ুন কবির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট থেকে মন্ত্রী হিসেবে ডাক পাওয়ার দৌঁড়ে এগিয়ে থাকলেও শেষপর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পেয়েছেন সিলেটের কৃতিসন্তান হুমায়ুন কবির। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিএনপির মিডিয়া সেল থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হুমায়ুন কবির বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব।
এ ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদার ৫ জনকে ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রী পদমর্যাদার নিয়োগপ্রাপ্তরা হলেন- মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা হলেন- হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।
এদিকে, নতুন সরকার গঠনের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।



